ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১০ হাজার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ভারত থেকে আনা অবৈধ মোবাইল ফোনের ৯ হাজার ৭৬০টি ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বিজয়নগর উপজেলার কামালমোড়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মুকুন্দপুর বিওপির একটি টহলদল। সীমান্ত পিলার ২০০৭/৭-এর প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১৫ থেকে ২০ জন ব্যক্তি মাথায় কার্টন নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তারা কার্টনগুলো ফেলে দৌড়ে পালিয়ে যান।
পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া কার্টনগুলো তল্লাশি করে ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ৯ হাজার ৭৬০টি ডিসপ্লে উদ্ধার করেন।
জব্দ করা মালামালসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন